প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে নতুন প্রজন্মকে নেতৃত্বের ভূমিকা নিতে হবে। তিনি বলেন, সুন্দর, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব আগামী প্রজন্মের হাতেই ন্যস্ত হবে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ গড়ার কাজ নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যেন আমাদের তরুণ প্রজন্ম সাফল্যের স্বাক্ষর রাখতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।’
তিনি বলেন, দেশের নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও এগিয়ে যাওয়ার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি উন্নত ও সুন্দর বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।
তারেক রহমান নতুন প্রজন্মের প্রতি খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণরা যে পেশাতেই নিজেদের গড়ে তুলতে চাইবে, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দেবে।
এ সময় তিনি পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, নতুন প্রজন্মকে দেশের সম্পদ রক্ষার পাশাপাশি প্রকৃতির প্রতিও দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী ক্ষুদে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।