আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, ১ আগস্ট থেকে নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ডিভাইসটি সচল রয়েছে—এমন তথ্যও প্রদর্শন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের গত ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিআরটিএ আরও জানায়, জিপিএস ডিভাইসের কারিগরি মানদণ্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের কার্যালয় ও ওয়েবসাইটে পাওয়া যাবে। সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী, জিপিএস সংযোজন ও কার্যকর থাকার শর্ত পূরণ করলেই কেবল যানবাহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।
নতুন এই বিধান কার্যকর করতে সব পরিবহন মালিক, চালক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।