দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়াতে কূটনৈতিক তৎপরতা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৪:২১
দুবাইয়ে ভিসার মেয়াদ বাড়াতে কূটনৈতিক তৎপরতা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি হবে এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেট নগরের ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত রথযাত্রা মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুবাইয়ের শ্রমবাজার নিয়ে কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, তাও সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সেসব দেশের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করতে সরকার কাজ করছে।

চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, চা শ্রমিকদের জন্য মানসম্মত আবাসন, স্বাস্থ্যসেবা এবং তাদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে এসব ক্ষেত্রে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

মন্ত্রী জানান, বর্তমানে চা শ্রমিকরা সাপ্তাহিক নগদ মজুরির পাশাপাশি বাসস্থান, রেশন ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। এছাড়া পরিবারের কোনো সদস্য চাকরি ছেড়ে দিলে বা কর্মক্ষম না থাকলে একই পরিবারের অন্য সদস্যকে চাকরির সুযোগ দেওয়ার প্রচলিত ব্যবস্থাও রয়েছে।

তিনি আরও বলেন, প্রতি তিন বছর পরপর মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে চা শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হয়।

আরিফুল হক চৌধুরী দাবি করেন, গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সব চা শ্রমিক তাদের প্রাপ্য উৎসব ভাতা পেয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই শ্রমিকবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য