ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক হচ্ছেন লিটন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:২৪
ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক হচ্ছেন লিটন



বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের একাধিক সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডেইলি সান জানিয়েছে, নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস।


প্রতিবেদনে বলা হয়েছে, সাদা বলের দুই সংস্করণ—ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য একজনই অধিনায়ক রাখার পরিকল্পনা করছে বিসিবি। সে অনুযায়ী লিটন দাসের হাতে ওয়ানডের নেতৃত্বও তুলে দেওয়া হতে পারে। অন্যদিকে, টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত বহাল থাকবেন। পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় সংস্করণেই সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন তাওহিদ হৃদয়।


মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভায় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।


সূত্র জানিয়েছে, শুরুতে ওয়ানডের নেতৃত্ব আবার নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও শেষ পর্যন্ত সীমিত ওভারের দুই সংস্করণের জন্য একজন অধিনায়ক রাখার সিদ্ধান্তে ঝুঁকেছে বোর্ড। এ কারণে বর্তমানে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে থাকা লিটন দাসকেই ওয়ানডের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।


এদিকে তাওহিদ হৃদয়কে ভবিষ্যতের সম্ভাব্য অধিনায়ক হিসেবে বিবেচনা করছে বিসিবি। সম্প্রতি চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জিম্বাবুয়ে সফরে প্রথম ম্যাচে হারলেও তার নেতৃত্বে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।


২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর স্থলাভিষিক্ত হয়ে ওয়ানডে দলের অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। চলতি বছরের এপ্রিলে তার নেতৃত্বের মেয়াদ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তার নেতৃত্বে বিশেষ করে বিদেশের মাটিতে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। মিরাজের অধিনায়কত্বে বিদেশে ১৩টি ওয়ানডে ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে টাইগাররা।


মিরাজ দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ তিন সংস্করণে তিনজন আলাদা অধিনায়কের মডেলে ফিরে গিয়েছিল। সে সময় টেস্টে নাজমুল হোসেন শান্ত, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেন লিটন দাস। তবে দেড় বছরেরও কম সময়ের মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে আসতে যাচ্ছে বিসিবি।


তবে বিসিবি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে লিটন দাসের ওয়ানডে অধিনায়ক হওয়ার বিষয়টি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নিশ্চিত নয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য