মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় বড় বোনকে হারানোর পর যে শিশুর হৃদয়স্পর্শী গল্প সারা দেশে আলোড়ন তুলেছিল, সেই তাহসিন আব্দুল্লাহ এবার দেখা করল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে।
বুধবার (২৯ জুলাই) বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। এর আগে ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দিকে দুই হাত বাড়িয়ে দেওয়া তাহসিনের প্রাণখোলা হাসির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত হয়।
পরবর্তীতে প্রধানমন্ত্রী জানতে পারেন, সেই হাসিমাখা শিশুটিই মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বড় বোনকে হারিয়েছে। বিষয়টি জানার পর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাহসিন ও তার পরিবারের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাহসিনের পড়াশোনার খোঁজ নেন এবং বড় হয়ে কী হতে চায় জানতে চান। জবাবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন জানায়, সে একজন সফল ব্যবসায়ী হতে চায় এবং এমন কিছু করতে চায়, যা মানুষের উপকারে আসবে ও সবার কাছে আকর্ষণীয় হবে।
তাহসিনের স্বপ্নের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার, নিয়মিত খেলাধুলা করার এবং নিজের লক্ষ্য অর্জনে অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
আলাপচারিতায় তাহসিন জানায়, তার সবচেয়ে প্রিয় খেলা ফুটবল। পরে প্রধানমন্ত্রী নিজের স্বাক্ষর করা একটি ফুটবলসহ বিশেষ উপহার তুলে দেন তার হাতে।
সাক্ষাৎ শেষে উচ্ছ্বসিত তাহসিন জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে আবার দেখা করতে পেরে সে খুব আনন্দিত। এমন সুযোগ পাবে, তা কখনো ভাবেনি। স্কুলে গিয়ে বন্ধুদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগাভাগি করার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তাহসিন আরও জানায়, প্রধানমন্ত্রী তার সঙ্গে পরিবারের একজন সদস্যের মতো আন্তরিকভাবে কথা বলেছেন, তাই তার কোনো ভয় বা সংকোচ কাজ করেনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগও হয় তার। সেখানে রাখা গাড়ি ও জাহাজের রেপ্লিকা তাকে মুগ্ধ করেছে। এ সময় বাবার মোবাইল ফোন দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফিও তোলে সে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় সন্তান হারানো তাহসিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন।